ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটে আটকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি রেলপথে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতির পর আবার যাত্রা শুরু করলে বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন তিনি।
সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এই মহাসড়কের পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যেই সেখানে যাচ্ছিলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
হাইওয়ে পুলিশের দাবি, সড়কের এক পাশে মালামাল রেখে সংস্কারকাজ চলমান থাকায় এবং খানাখন্দপূর্ণ রাস্তায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটায় এ যানজট দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। ফলে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মহাসড়কের এই অংশ পার হতে সময় লাগছে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত।
প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসেছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তার আগমন উপলক্ষে রোববার (৫ অক্টোবর) থেকে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু হয়। তবে একপাশ বন্ধ রেখে সংস্কারকাজ চলায় টানা তিন দিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকালেও মহাসড়কজুড়ে যানজট অব্যাহত ছিল।
আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম জানান, ‘উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে রওনা হন। পথে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় তিনি যানজটে আটকা পড়েন।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন