চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে।
পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় নদীতে ঘন কুয়াশা থাকায় নৌযানগুলোর দিকনির্দেশনা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, দুর্ঘটনার পরপরই একজন যাত্রী লঞ্চেই মারা যান। অপর একজন গুরুতর আহত অবস্থায় লঞ্চে ঢাকা নেওয়ার পথে মোহনপুর এলাকায় পৌঁছালে মারা যান।
তবে নিহত দুইজনের পরিচয় এবং তারা কোন লঞ্চের যাত্রী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর মরদেহসহ লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে যায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে।
এদিকে, এই সংঘর্ষের ঘটনায় নৌপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন