ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি নেতা খুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৩১ এএম
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক সহিংসতা থামছেই না। তিন দিনের ব্যবধানে আবারও গুলিতে নিহত হয়েছেন নাছির উদ্দীন (৫৫) নামে এক বিএনপি নেতা।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে সক্রিয় হন এবং স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় নাছিরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় মাটি ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জানে আলম ওরফে ডাকাত আলম নামের এক ব্যক্তির সঙ্গে নাছিরের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নাছির উদ্দীনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে এবং তিনি স্থানীয়ভাবে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। কয়েক মাস আগে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছিল, তবে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছিলেন।

এর আগে, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউসার উর জামান বাবলু নামে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ সময়ে উপজেলায় দেড় ডজনের বেশি হত্যাকাণ্ড ঘটেছে, যার অধিকাংশই রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বলে অভিযোগ রয়েছে।