চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাংগলমোড়া ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি।
আয়োজকদের দাবি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্দেশনায় ইউনিয়ন বিএনপির স্ব-উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আজম মেম্বার। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী থানা বিএনপির প্রবীণ সদস্য আলহাজ হারুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ হাফেজ ফরিদ। প্রধান বক্তা ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য আলহাজ গাজী মো. মোরশেদুল আলম।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের এ কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তারা বলেন, বিএনপি অতীতেও জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ শফিউল আলম বাবু, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ভুট্টু মেম্বার, গাজী সাহেদুল করিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম উদ্দীন রাজু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম, ডা. বাসুদেব ধর, ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রহিম ও কামাল উদ্দীন, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সহ-সভাপতি আব্দুল হালিম, শ্রমিক দল নেতা লোকমান হাকিম, শাহাজান মেম্বার, জাহাঙ্গীর, জাসাস নেতা হাসান চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চালসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির নিজস্ব অর্থায়নে পরিচালিত এ ত্রাণ কার্যক্রম বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তাদের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে দাবি করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন