চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পটকা ফুটাতে গিয়ে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মিলপাড়ায় নির্মাণাধীন মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো জাকির হোসেনের ছেলে রওনক, উজ্জ্বল হোসেনের ছেলে হোসাইন এবং আহমদ আলীর ছেলে লাল মিয়া।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, তিন শিশুই মসজিদের ছাদে পটকা ফুটানোর সময় আহত হয়। তাদের প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রওনকের হাতের আঙুল বিচ্ছিন্ন হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হচ্ছে। হোসাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আর লাল মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
ওসি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুরা পটকা ফোটানোর সময় আহত হয়েছে। আহত শিশুর বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন