ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০১:১৯ এএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ক্যাম্পের বি-ব্লকে আগুন লাগে।

আগুন লাগার পর ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

হঠাৎ আগুন লাগার ঘটনায় ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে ঘর ছেড়ে বের হয়ে আসতে হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায়। সে ঘটনায় একজন নিহত হন।