কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় একজন ছাত্রদল নেতার মা নিহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত রেহেনা আক্তার হলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা। আর ঘাতক জহির আলম কালু খুনিয়াপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শ্রমিকলীগ সভাপতি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। রোববার সকালে ফরিদুল আলমের ছেলে ও খুনিয়াপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শ্রমিকলীগ সভাপতি জহির আলম কালু ও তার পরিবারের অন্য সদস্যরা ইয়াসিন আরফাত ছোটনের বসতবাড়িতে আসে এবং দা, কিরিচ, কোদালসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় রেহেনা আক্তার গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন কালু বিরোধপূর্ণ এলাকায় গেলে বাগবিতণ্ডা হয়। এই সময় হাতের কোদাল দিয়ে রেহেনাকে মাথায় আঘাত করে। ঘটনার পরে তাকে উদ্ধার করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।’



