কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী-পুরুষসহ ১৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
সোমবার (৩০ মার্চ) রাত থেকে মঙ্গলবার (৩১ মার্চ) ১টা ৩০ মিনিট পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে জোরপূর্বক আটকে রেখেছে। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল অভিযান চালায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বাড়িটি থেকে মোট ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।
ঘটনায় জড়িত পলাতক আসামিরা হলেন- মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানা এলাকার বাসিন্দা। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলমান। মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন