ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজার আদালত চত্বরে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দলনেতা মহিউদ্দিন ও রনি।

রোববার (২৪ মে) বেলা প্রায় ১১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলার হাজিরা দিতে সহযোগীদের নিয়ে আদালতে যান। শুনানি শেষে আদালত এলাকা থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।