ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কার্যালয় থেকে এনসিপির নেতাকর্মীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। হাসনাত আবদুল্লাহ দেবীদ্বারের বাসিন্দা এবং তিনি এই আসনে এনসিপির মনোনীত প্রার্থী।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার ও সাইফুল ইসলাম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, জুলাই আন্দোলনে শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, কুমিল্লা-৪ আসনে মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দল মোট চারটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এ পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে বিএনপি থেকে পাঁচটি, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি, এনসিপি একটি, বাংলাদেশ খেলাফত মজলিশ একটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি, খেলাফত মজলিশ একটি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ একটি এবং গণঅধিকার পরিষদ একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন