ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির ঢামেকে মৃত্যু

মেডিকেল প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৯:৩২ এএম
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আব্দুর রহমান হাওলাদার নামে (৮৫) নামে এক যুদ্ধাপরাধী কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত এগারোটার দিকে ওই কয়েদি অসুস্থ হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষী মো. সুজন জানান, রাতের দিকে আব্দুর রহমান কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, আব্দুর রহমান কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধী কয়েদি হিসাবে ছিলেন। তার কয়েদি নাম্বার ৭২৯০/এ। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মৃত হাসান আলি হাওলাদারের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।