ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শীতে জবুথবু দিনাজপুর, বইছে হিমেল হাওয়া 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১০:৫৫ এএম
কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর। ছবি : রূপালী বাংলাদেশ

উত্তরের জেলা দিনাজপুরে শীতের দাপট আরও জোরালো হয়ে উঠেছে। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন।

রোববার (৪ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা দিনাজপুরকে আচ্ছন্ন করে রেখেছে। শীতল বাতাসের সঙ্গে কুয়াশার প্রভাবে সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। কুয়াশা ও ঠান্ডার কারণে সকালে সড়কে যানবাহন চলাচল ধীরগতিতে চলে এবং অনেক স্থানে দৃশ্যমানতা কমে যায়।

পরে সকাল ৯টায় আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াসেই স্থির রয়েছে। এমন আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টানা শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্কদের। শীত থেকে রক্ষা পেতে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে। শীত মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে গরম পোশাক, কম্বল ও অন্যান্য শীতবস্ত্র ব্যবহারের প্রবণতা বেড়েছে।