ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:২৪ পিএম
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্প্রিং ভেঙে সব বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্প্রিং ভেঙে সব বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী।

জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটী থেকে ছেড়ে আসা ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিন হিলি রেলস্টেশনে পৌঁছায় আর বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।

তিনি আরও বলেন, বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য তা বিরামপুর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।