ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘ধানের শীষের সঙ্গে কেউ যেন মুনাফেকি না করেন। আমার বাবা আপনাদের সঙ্গে কখনো মুনাফেকি করেননি, আমিও করিনি। আপনারাও দয়া করে আমার সঙ্গে, ধানের শীষের সঙ্গে মুনাফেকি করবেন না।’
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে স্থানীয় বিএনপির আয়োজনে এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় এলে এ অঞ্চলের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, ‘আপনাদের সন্তান ও নাতি–নাতনিদের জন্য একটি শক্তিশালী সালথা রেখে যেতে চাই। সে লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
নিজের বাবার অবদানের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য কাজ করে গেছেন। এখনো এই এলাকা আমার বাবার নামেই পরিচিত। তিনি বলেন, ‘গত ১৮ বছর ধরে আমি এই মাটি ছেড়ে কোথাও যাইনি। আমৃত্যু আপনাদের সঙ্গেই থাকব।’
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হতে পারলে এ এলাকার জন্য আরও বেশি কাজ করার সুযোগ তৈরি হবে। যুবকদের জন্য শিক্ষা ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে। নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে, যাতে মা–বোনেরা ভালো চিকিৎসাসেবা পান। কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।
শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, কৃষকেরা পাবেন কৃষক কার্ড। এ এলাকায় উন্নয়নের অনেক সুযোগ রয়েছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের একটি করে ভোট আমাকে কাজ করার সুযোগ করে দেবে। আর মাত্র কয়েক দিন সময় আছে। আপনারা গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন। ইনশা আল্লাহ, বিজয়ের পর আবার দেখা হবে।’
দলের অভ্যন্তরীণ বিভেদ নিয়ে সতর্ক করে তিনি বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ বা রেষারেষি হলে ক্ষতি হবে দলের ও ধানের শীষের। এর প্রভাব আগামী পাঁচ থেকে দশ বছর পর্যন্ত পড়তে পারে।
উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. জহুরুল হক ফকিরের সভাপতিত্বে এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুরাদ মাতুব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, আটঘর ইউনিয়ন বিএনপি নেতা সামাদ মাতুব্বর, আহাদ শেখ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, মিরান হুসাইন, মাহফুজ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন