ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফরিদপুর-২ আসন

১১ দলীয় জোট প্রার্থীর জরুরি সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:২২ এএম
সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জোট। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় সালথা উপজেলা জামায়াত ইসলামীর অফিসে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ১১ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে আল্লামা শাহ্ আকরাম আলী বলেন, সকালেই ভোটগ্রহণ শুরু হবে। আমার নির্বাচনি এলাকায় রিকশার এজেন্টদেরকে প্রতিপক্ষ বিএনপির লোকজন বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমার এজেন্টদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

তাদেরকে বলা হচ্ছে, রিকশার এজেন্ট হলে বাড়ি-ঘরে হামলা করা হবে। নির্বাচনের পরে বাড়িতে থাকতে দেওয়া হবে না। এমতাবস্থায় আগামীকাল ভোটকেন্দ্রে আমার এজেন্টদের ওপর হামলার আশঙ্কা করছি।

তিনি আরও জানান, প্রতিপক্ষের লোকজন কেন্দ্র দখলেরও হুমকি প্রদান করছে। তারা ধানের শীষ ছাড়া অন্য কোনো এজেন্টকে পেলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে কেন্দ্র দখল করবে বলেও শুনছি।

তিনি রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মাওলানা মোঃ আমজাদ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদ, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী মুস্তাফিজুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক সজীব আল হোসাইনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এদিকে, একই দিনে বিকেলে ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন।

এ সময় শামা ওবায়েদ অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হুমকি-ধামকির অভিযোগ দাখিল করা হচ্ছে, যার কোনো প্রমাণ নেই। প্রশাসন তদন্ত করেও তার কোনো ভিত্তি খুঁজে পায়নি।