গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসের সামনে থেকে ৪টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কোমরপুর গ্রামীণ ব্যাংক শাখার প্রধান ফটকের সামনে পড়ে থাকা অবস্থায় বস্তুগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ঢাকা–রংপুর মহাসড়কসংলগ্ন কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাংকটির প্রধান ফটকের সামনে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাব-১৩ রংপুরের বোম ডিসপোজাল টিমকে অবহিত করে। পরে র্যাবের বোম ডিসপোজাল টিম গভীর রাতে অবিস্ফোরিত ৪টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
বুধবার রাতে র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হেলমেট পরিহিত চারজন অজ্ঞাত ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ওভারব্রিজ এলাকায় লাল রঙের চারটি ককটেলসদৃশ বিস্ফোরক বস্তু নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পরে বোম ডিসপোজাল টিম বস্তুগুলো উদ্ধার করে নিরাপদ সংরক্ষণের জন্য থানায় হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল বোমাসদৃশ বস্তু উদ্ধার করে র্যাবের সহায়তায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এগুলো দেখতে ককটেলের মতো হলেও তাৎক্ষণিক বিস্ফোরণের আশঙ্কা নেই। বস্তুগুলো পানিতে ভিজিয়ে নিরাপদভাবে থানায় সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ককটেলসদৃশ বস্তুগুলো কে বা কারা ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এসব বস্তু ফেলে পালিয়ে গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন