গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া মাগুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং নাকাই ইউনিয়নের মালিনীপাড়া এলাকার সিদ্দিকুর রহমান (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী বগুড়া থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। ফাঁসিতলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার মধ্যে মালবোঝাই একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জনিসহ দুজনের মৃত্যু হয়। আহত হন শরিফুল ইসলাম নামের অপর আরোহী।
পরে স্থানীয় লোকজন আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে ট্রাকচালক মোটরসাইকেলটি দেখতে পাননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন