গাজীপুরে শ্রীপুর টিম এক্স জুটমিল লিমিটেডের এক শ্রমিকের হাতুড়ির আঘাতে মো. বিল্লাল হোসেন (৪০) নামে আরেক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে ওই কারখানার বাইরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে আজ (১৫ জানুয়ারি) সকালের দিকে তার মৃত্যু হয়।
তাকে নিয়ে আসা ভাই আনোয়ার হোসেন জানান, আমরা জানতে পেরেছি, রাত সাড়ে ৭টার দিকে কারখানার বাইরে অপর ওই গার্মেন্টসের এক শ্রমিক পেছন থেকে বিল্লালকে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত বিল্লালের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নতুন বাঁশকান্দা গ্রামে। তিনি মৃত বাচ্চু মিয়ার ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের শ্রীপুর এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন