ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদযাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে চাপ, ধীরগতিতে যানবাহন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ও শিল্পাঞ্চল গাজীপুর ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন লাখো মানুষ। বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও ট্রেনসহ বিভিন্ন যানবাহনে করে ঘরমুখো মানুষের ঢল নামায় গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে।

সোমবার (২৫ মে) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি ধীরগতিতে চলাচল করলেও এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী যানজটের সৃষ্টি হয়নি।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা, টঙ্গী, আব্দুল্লাহপুর সংযোগ এলাকা এবং ভোগড়া বাইপাস এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। একইসঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর ও সফিপুর এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে শিল্পাঞ্চল থেকে ছুটি পাওয়া শ্রমিকদের বাড়ি ফেরা শুরু হওয়ায় বাস কাউন্টার ও মহাসড়কের পাশে যাত্রীদের ভিড় বাড়ছে।

যাত্রীদের অভিযোগ, মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ স্টপেজে যাত্রী উঠানামা এবং সড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো যানবাহনের চাপের কারণে গাড়ি ধীরগতিতে চলাচল করছে। চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের একাংশ দখল করে বাস ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকায় লেন সংকুচিত হয়ে পড়েছে। এতে করে কিছুক্ষণ পরপর যানবাহনের সারি তৈরি হচ্ছে।

ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী কয়েকজন যাত্রী জানান, সকাল থেকে রাস্তায় চাপ থাকলেও পরিস্থিতি সহনীয় রয়েছে। তবে দুপুরের পর কিছু পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় শ্রমিকদের বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।

পরিবহন চালকরাও বলছেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের পাশাপাশি যাত্রীদের হঠাৎ রাস্তা পারাপার ও অনিয়ন্ত্রিত থামার কারণে চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কয়েক মিনিটের জটই দীর্ঘ লাইনে পরিণত হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, সোমবার গাজীপুরের বেশ কিছু তৈরি পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। ফলে দুপুরের পর মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

তিনি আরও জানান, যেকোনো ধরনের যানজট দ্রুত নিরসনে টহল জোরদার করা হয়েছে। বিকল যানবাহন দ্রুত সরিয়ে নেওয়া, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একাধিক টিম মাঠে রয়েছে। এখন পর্যন্ত গাজীপুরের মহাসড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।