গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় এ ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সভায় নির্বাহী কর্মকর্তা মিজ তিনজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের সচিব, হিসাবে রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সচিব ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরে এবার ৫ হাজার ১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা, ব্যয় ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি ভিত্তিক প্রকল্প থেকে ২০১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অন্যদিকে, ২০২৬-২০২৭ অর্থবছরের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি ভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট অনুযায়ী সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে বাজেট উপস্থাপনা থেকে জানা যায়।
বাজেট সভায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেটে হচ্ছে জনকল্যাণমুখী বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নগরকে গ্রীন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধনে গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন