ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:৫৫ এএম
দুইপক্ষের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মান্দারকান্দি গ্রামের ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার বিকেলে স্থানীয় বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ ঘটনায় খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।