ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষি জমি থেকে সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার সংলগ্ন কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে এবং জনতার বাজারের পরিচিত সবজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে প্রতিদিনের মতো তিনি বাজারে সবজি বিক্রি করছিলেন। সন্ধ্যায় তিনি ছেলেকে দোকানে রেখে কিছু কাজে বাইরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার সকালে স্থানীয়রা জনতার বাজার সংলগ্ন কৃষিজমিতে জিতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, জিতু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করা যাবে।