যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের নিজ গ্রামে পৌঁছেছে।
সোমবার (৪ মে) বেলা সাড়ে তিনটার দিকে লিমনের মরদেহ মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে পৌঁছায়।
নিহত লিমন ওই গ্রামের জহুরুল হক ও লুৎফন নেছা দম্পতির বড় সন্তান তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে লিমনের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় লিমনকে শেষ বারের মতো দেখার জন্য ভিড় জমান স্থানীয় এলাকাবাসী। আজ বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে লিমনের দাফন সম্পন্ন হবে বলে জানান স্বজনরা।
লিমনের বাবা জহুরুল হক বলেন, আমাদের পরিবার কোনো উচ্চবিত্ত পরিবার না। আমরা অনেক কষ্ট করে সন্তানকে পড়াশোনা করিয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল বিদেশে পড়াশোনা শেষ করে লিমন দেশের সেবা করবে। তা আর হলো না, সব আশা শেষ হয়ে গেল।
গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।


