যশোরের ঝিকরগাছায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ২ লাখ টাকা চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায় বলে আহতের অভিযোগ।
শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ছুটিপুর জামতলায় এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম গঙ্গানন্দপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শফিকুল ইসলাম জানান, ছুটিপুর জামতলায় তার মাংসের দোকান রয়েছে। গঙ্গানন্দপুর গ্রামের মোহাম্মদ আলী ও হালিম তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা তার ওপর ক্ষুব্ধ হয়। এরই জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে মোহাম্মদ আলী ও হালিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে। এ সময় কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে মোহাম্মদ আলী ও হালিমের নেতৃত্বে এলাকায় নানা অপরাধ হচ্ছে। কিন্তু তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সর্বশেষ চাঁদার দাবিতে মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে জখম করে টাকা ছিনিয়ে নিয়েছে। মোহাম্মদ আলী ও হালিমের অপরাধ বন্ধে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত শফিকুল ইসলামের মাথা ও কোমরের আঘাতটি গুরুতর। মডেল ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান।

