প্রতারক চক্রের খপ্পরে পড়ে রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার পর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন কামরুল হাসান ও শাহরিয়ার সুমন নামে দুই বাংলাদেশি নাগরিক। বর্তমানে তারা ইউক্রেনীয় সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এবং বাংলাদেশ সরকারের সহায়তায় দ্রুত দেশে ফিরে পরিবারের কাছে যেতে চান।
সম্প্রতি ইউক্রেনীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য জানান। তিনি বলেন, আটক দুই বাংলাদেশি রুশ সেনাবাহিনীর ২৮৩তম মোটরাইজড রাইফেল রেজিমেন্টের অধীনে অ্যাসল্ট ট্রুপার হিসেবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অংশ নিয়েছিলেন।
আটক দুই বাংলাদেশির ভাষ্য, প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়ায় নেওয়া হয় এবং পরে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। একপর্যায়ে সুযোগ বুঝে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। পরে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে আটক হন। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেন। তবে আটকের সময় তাদের কাছে কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র পাওয়া যায়নি।
জানা গেছে, কামরুল হাসান ও শাহরিয়ার সুমন প্রায় সাত সপ্তাহ, অর্থাৎ ৪৫ দিন ধরে ইউক্রেনীয় সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। তারা বাংলাদেশ সরকারের মাধ্যমে দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।
তাদের বক্তব্য ভিডিও আকারে ধারণ করে ইউক্রেনীয় সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়, তাহলে এই দুই বাংলাদেশিসহ একইভাবে আটক উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো সম্ভব হতে পারে।
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

