ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

যশোরে সড়কে ঝরল বিজিবি সদস্যের প্রাণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:০৮ পিএম
বিজিবি সদস্য মহিউদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মহিউদ্দিন (২৬)। তিনি বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে ও স্থানীয় দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক নাজমুস সাকিব আকাশের ছোট ভাই। মহিউদ্দিন খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়ন বিজিবিতে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় নিহতের বন্ধু কামরুল ইসলাম নান্টু (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নান্টু বাঘারপাড়ার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।

হতাহতের স্বজন ও স্থানীয় জানিয়েছেন, কিছু দিন আগে মহিউদ্দিন দুই মাসের ছুটি নিয়ে বাড়িতে আসেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি (মহিউদ্দিন) এবং বন্ধু নান্টু মোটরসাইকেল করে শার্শা উপজেলার জামতলার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছার বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে তারা দুজন সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মহিউদ্দিনের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. বিচিত্র মল্লিক জানান, মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে মহিউদ্দিনের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত নান্টুর অবস্থা আশঙ্কাজনক।

সড়ক দুর্ঘটনায় দুজন হতাহতের বিষয়টি নিশ্চিত নাভারণ হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, ঘাতক পিকআপ ও  চালককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে সাংবাদিক আকাশের ভাইয়ের মৃত্যুর ঘটনায়
গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।