ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

দাদির মৃত্যুতে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল নাতির প্রাণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:৪২ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

দাদির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাতি আশরাফুল ইসলামের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাতে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল বকশিপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আশরাফুল ইসলাম খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। রোববার বিকেলে তার দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। দাদির মৃত্যুর খবর পেয়ে তিনি মোটরসাইকেলে করে খুলনা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে রাত সাড়ে ৮টার দিকে বকশিপুর বাজারের অদূরে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আশরাফুল মারা যান। তার মাথা ও বুকে গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দাদিকে শেষবারের মতো দেখতে আসার পথে নাতির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দাদি ও নাতির দাফন একসঙ্গে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।