ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:৫২ পিএম
ছবি : সংগৃহীত

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দিনাজপুরের জারা ইসলাম ওরফে রানি ইসলাম (১৯)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) থেকে তাকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ফেরত আসা তরুণী দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সায়েদপুর এলাকার আশাদুল রহমানের মেয়ে।

হরিদাসপুর-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর কার্যক্রমে ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে ১০ জুন ২০২৬ তারিখে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দ্রাবাদ থেকে ২ জুলাই ২০২৬ তারিখে ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি তাকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালে দালালের প্রলোভনে ভালো কাজের আশায় ওই তরুণী ভারতে যান। সেখানে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।