ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আয়াসের পরিবারের পাশে মউক, অপরিকল্পিত নগরায়ন বন্ধের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় আট মাস বয়সী শিশু আয়াসের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, ভবিষ্যতে আর অপরিকল্পিত নগরায়ন হতে দেওয়া হবে না। তিনি জানান, মাস্টারপ্ল্যানের আওতায় ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন ও ভবন নির্মাণ পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় নিহত শিশু আয়াসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মউক চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে। এই পরিকল্পনার আওতায় নগরীর ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন এবং ভবন নির্মাণ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে ময়মনসিংহকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের সবচেয়ে প্রিয় সম্পদ সন্তান। সেই সন্তান যদি ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে মারা যায়, এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর হতে পারে না।" তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

মোতাহার হোসেন তালুকদার অভিযোগ করেন, বিগত ১৭ বছরে নগর উন্নয়নে কার্যকর কোনো মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হয়নি। তার দাবি, দৃশ্যমান উন্নয়নের কথা বলা হলেও ড্রেনেজ ব্যবস্থা ও খাল সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শিশু আয়াসের মৃত্যু সেই অব্যবস্থাপনারই একটি দৃষ্টান্ত বলে তিনি মন্তব্য করেন।

এ সময় মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা হাবিবুল্লাহ ডালিম, বাহার উদ্দিন, কৃষকদল নেতা হীরা, যুবদল নেতা আরমান ও মামুনসহ নিহত শিশুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ভারী বৃষ্টিতে ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে আট মাস বয়সী শিশু আয়াসের মৃত্যু হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।