ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জাতিসংঘ পুলিশ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম United Nations Chiefs of Police Summit (UNCOPS 2026)-এ যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ, নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্কের কারণে প্রচলিত পুলিশিং ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা জরুরি।

তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিট (FPU)-কে আধুনিকায়ন করেছে। পাশাপাশি পুলিশ বাহিনীতে SWAT, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত, ফরেনসিক, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স-লেড পুলিশিংয়ের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যে ‘UN Police Knowledge and Innovation Network’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বার্ষিক পরিবেশ পুলিশিং সম্মেলন (Annual Environment Policing Conference) আয়োজনেরও প্রস্তাব করেন।

তিনি উদ্ভাবনী, অভিযোজনক্ষম এবং মানবতার প্রতি দায়বদ্ধ একটি শক্তিশালী জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।