ইনকিলাব মঞ্চের গুলিবিদ্ধ আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় তার বাড়িতে চুরির ঘটনার পর ওই বাড়িসহ আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘ওসমান হাদির গ্রামের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে।’
এর আগে রোববার সকালে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর নলছিটির খাসমহল এলাকায় অবস্থিত ওসমান হাদির বাড়ি পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘চুরির ঘটনায় তদন্ত চলছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টায় পালাক্রমে চারজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবেন।’
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিন বিকেলেই পরিবারের সদস্যরা ঢাকায় চলে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে চুরির ঘটনা ঘটায়।
এদিকে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে শনিবার রাতে নলছিটিসহ সারা দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে রাজনৈতিক দল এবং সংগঠনগুলো। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এর অংশ হিসেবে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন