ঝিনাইদহে ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় দোকানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। সে সময় ‘র’-এর এজেন্ট সন্দেহে একজনসহ ২ জন সন্দেহভাজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর পায়রা চত্বর ও পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পরে শহরের পায়রা চত্বরে শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ছাত্র জনতা বিক্ষোভ করতে থাকে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা সজিব আহমেদ (৩০) নামে এক যুবককে বেধড়ক কিল-ঘুষি ও মারধর করে বিক্ষুব্ধরা।
মারধরের শিকার সজিব আহমেদ ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদীর হিজলের ইট ভাটার সহকারি ম্যানেজার ও তার অনুসারী। মারধরের পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
পরে বেলা পৌনে তিনটার দিকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধরা। এ সময় পৌরসভার সামনে সমবায় মার্কেটের পাশে একটি কাপড়ের শোরুমে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের এক পর্যায়ে ওই শোরুমে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
পরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে গোপাল বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। থানা পুলিশের হেফাজতে থাকা দুজনের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
-20251219183053.webp)


