ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় সমর্থকের দুহাতে কান ধরে দলত্যাগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:১৬ পিএম
দুহাতে কান ধরে দাঁড়িয়ে আছেন বিএনপির একজন সমর্থক ফরহাদ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। বিএনপির একজন সমর্থক ফরহাদ হোসেন দুই হাত কানে ধরে দলত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাশেদ খানের মনোনয়নের তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ফরহাদ হোসেন বলেন, তিনি যে বিএনপির সমর্থক হিসেবে কাজ করতেন, তার কাঙ্ক্ষিত প্রার্থীর মনোনয়ন না পাওয়ার কারণে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। 

তিনি বলেন, ‘কালীগঞ্জে বিগত ১৭ বছর যারা বিএনপির রাজনীতি ঠেকিয়ে রেখেছিল তাদের যদি আজ মনোনয়ন না দেওয়া হয়, তাহলে এটাই সর্বশেষ আমার কথা।’

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাইকেল স্ট্যান্ডের দায়িত্বে রয়েছেন এবং তিনি বিএনপির একজন পরিচিত সমর্থক।

এ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান মনোনয়নের জন্য প্রতীক্ষা করছিলেন।