ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতিকে (৫২) গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহেশপুরের ভাষানপোতা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি মোটরসাইকেলযোগে ভৈরবারের দিকে আসার সময় কে বা কারা মোটরসাইকেলে এসে পিছন থেকে গুলি করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মাহামুদা বলেন, ‘মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলিতে আহত অবস্থায় নিয়ে আসে। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করা হয়েছে।’
মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয়েছে। আমরা ঘটনা স্থলে আছি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন