ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ছাগল হাটের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না পিস্তল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা রাত দেড়টার দিকে নতুন বাজার ছাগল হাটের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করি। এ সময় একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রটি থানায় এনে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন