ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিখোঁজের এক দিন পর শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:১০ পিএম
নিহত তাবাসসুম। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের এক দিন পর তাবাসসুম নামের সাড়ে চার বছর বয়সি এক কন্যাশিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে বসবাস করেন। পিতা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মাতা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।