ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনের মধ্যে থেকে আব্দুর রহমান (৫০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান পার্শ্ববর্তী যশোর সদরের রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, ট্রাকটি কালীগঞ্জ কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড়ে গত তিন দিন ধরে পার্কিং করা ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাক ডাইভারকে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া না পেয়ে তারা স্থানীয় ফাড়ি পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশে পচন ধরেছে। তাদের অনুমান, কোনো ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষে চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে যেতে পারে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে, কিভাবে তার মৃত্যু হয়েছে তার সেটি উদ্ধারে পুলিশের তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন