ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের অচিন্ত্যপুর লস্কারপাড়া (পশ্চিমপাড়া) মসজিদ থেকে গ্রামের মাঝখান দিয়ে বটতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জনবহুল এ কাঁচা রাস্তাটির দুরবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। প্রতিদিন তিনটি পাড়ার প্রায় শত শত লোকজন এবং সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু বছরের অধিকাংশ সময় রাস্তাজুড়ে কাদা ও জলাবদ্ধতা থাকায় পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।
বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিথিদের যাতায়াত এবং মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন নিয়ে বাড়িতে পৌঁছানোও প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত রাস্তাটি পাকা করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

