ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানের সময় দুইজন অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়সংলগ্ন জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেন।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন