ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাঁচবিবিতে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করলেন এনামুল হক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কচুর লতিহাটি মোড় থেকে পাটাবুকা আখড়া ঘাট পর্যন্ত সরকারি রাস্তার তিনটি গাছ অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে পশ্চিম বালিঘাটা গ্রামের এনামুল হক বাবুর বিরুদ্ধে। তিনি ওই গ্রামের মৃত এরফান আলী প্রামানিকের পুত্র।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গাছগুলো কর্তনের সময় স্থানীয় জনতা বাধা দিলে তিনি গাছ কাটা বন্ধ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রাস্তার বড় কদম ও ইউক্যালিপটাস গাছ গোপনে এক ব্যক্তির কাছে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়। সকালে স্থানীয়রা গাছ কাটতে বাধা প্রদান করলে পরে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা গাছগুলো জব্দ করেন।

পাটাবুকা গ্রামের নুর জাহিরুল ইসলাম জানান, ‘তিনিসহ মোখলেছার নামের একজন ব্যক্তি রাস্তায় তিনটি গাছ রোপণ করেছিলেন। গাছ কাটার প্রয়োজন হলে তা স্থানীয় ঈদগাহ মাঠে দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে দেখি এনামুল হক বাবু গাছগুলো সমিতির বলে বিক্রি করেছেন।’

সমিতির সদস্য এনামুল হক বাবু বলেন, ‘আখড়া ঘাটের ব্রিজ নির্মাণ কাজের কারণে ঠিকাদারের অনুরোধে সমিতির রেজুলেশন অনুযায়ী গাছ বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আমি সমিতির সভাপতি নই, একজন সাধারণ সদস্য মাত্র।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা নদীতে ব্রিজ নির্মাণ করব। সেখানে সরকারি রাস্তার গাছের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। গাছ কাটার কথা বলার কোনো প্রশ্নই আসে না।’

উপজেলা বন কর্মকর্তা মহিউদ্দিন জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করেছি। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’