জয়পুরহাটের কালাই উপজেলা ভূমি অফিসে সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা দুর্নীতির শিকার হলে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ সৃষ্টি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা।
তিনি বলেন, ভুক্তভোগীরা তাদের অভিযোগের প্রমাণ হিসেবে ছবি বা স্ক্যান কপি নির্ধারিত নম্বরে পাঠাতে পারবেন।
এ লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী থেকে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। ভুক্তভোগীরা +৮৮০ ১৭০৬-৮৮৮৭৮৭ নম্বরে অভিযোগ পাঠাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হবে এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া জেলা পর্যায়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জয়পুরহাটের কার্যালয় থেকে পৃথক নম্বর চালু রয়েছে। এ নম্বরে +৮৮০ ১৭৭৫-৩৪৩১১১ অভিযোগ পাঠানো যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগ গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগের মাধ্যমে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, অভিযোগ জানানোর এ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভূমি অফিসে অনিয়ম অনেকাংশে কমে আসবে এবং সেবার মান উন্নত হবে।


