জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দখল হওয়া জায়গা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে দখলমুক্ত হয়েছে। এতে করে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে।
এর আগে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার পাঁচশিরা এলাকায় সওজের জায়গা কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠে কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গত ২২ এপ্রিল ‘কালাইয়ে সওজের জায়গা কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে দখল’ শিরোনামে দৈনিক রূপালী বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ প্রকাশের পরপরই সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দখলদারকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। পরে কাঁটাতার ও সিমেন্টের খুঁটি সরিয়ে নেওয়া হয় এবং জায়গাটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুর সাড় ১২টায় সরেজমিনে দেখা যায়, বর্তমানে ওই স্থানে আর কোনো অবৈধ বেড়া বা দখলের চিহ্ন নেই। এতে করে মহাসড়কের পাশে চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, আগে কাঁটাতারের বেড়ার কারণে চলাচলে ঝুঁকি ছিল। এখন সেটি সরিয়ে নেওয়ায় দুর্ঘটনার আশঙ্কা কমেছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
জয়পুরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহদি খান বলেন, ‘সওজের জায়গা দখলের কোনো সুযোগ নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের দখল ঠেকাতে কঠোর নজরদারি থাকবে।’
এলাকাবাসীর দাবি, শুধু এই ঘটনাই নয়—সড়কের পাশে যেসব সরকারি জায়গা দখল হয়ে আছে, সেগুলোর বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালানো প্রয়োজন।


