ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপসায় স্কুলের জমি নিয়ে সংঘর্ষ, প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০১:০৬ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার রূপসা উপজেলায় একটি বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা এবং কয়েকজন শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বাগমারা সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারা গ্রামের শাহাজান শেখ বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশের প্রায় ৭০ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘদিন দখল না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন এবং সম্প্রতি রায় পান। ওই রায়ের ভিত্তিতে গঠিত উকিল কমিশন জমির মালিকের উত্তরাধিকারী ও স্বজনদের নিয়ে গতকাল জমি বুঝে নিতে সেখানে যান। এ সময় রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশ উপস্থিত ছিল। জমি পরিমাপ করে চিহ্নিত করতে গেলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে বাধা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বিদ্যালয়ের জমি রক্ষায় অবস্থান নেন। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন। একই সঙ্গে প্রধান শিক্ষক হায়দার আলীকেও লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক নৈহাটি ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। 

তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু সমাধান চাই। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করে দ্রুত সমাধান হওয়া উচিত।

প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, স্থানীয় মানুষের সহায়তায় বিদ্যালয়টি গড়ে উঠেছে। কোনো নোটিশ ছাড়াই খেলার মাঠসহ জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে উকিল কমিশনের সদস্য অ্যাডভোকেট সেলিম শেখ বলেন, আদালতের রায় বাস্তবায়নে তারা সেখানে গিয়েছিলেন। তবে শিক্ষক ও শিক্ষার্থীদের বাধার কারণে কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।