কিশোরগঞ্জের ইটনায় মুরগি কিনতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পিটুনিতে এক বৃদ্ধ ক্রেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৬৮) সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান। এ সময় মুরগি কেনার সিরিয়াল নিয়ে একই গ্রামের মুজিবুর মিয়ার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিল-ঘুসি ও মারধর শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্য বাহার উদ্দিন অভিযোগ করে বলেন, ‘মুরগি কেনার সময় সামান্য সিরিয়াল নিয়ে তর্কের জেরে সাব্বিরসহ তিন-চারজন মিলে আমার চাচাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ বলেন, ‘আইয়ুব আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়।’
ইটনা থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন