কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়িত্বরত অবস্থায় নিজ নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গঙ্গারহাট বিওপিতে এ ঘটনা ঘটে।
বিজিবি সদস্য নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
নিহত ওই বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি একজন সিপাহি। তিনি ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা গ্রামের বাবুল উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, সিপাহি নাসিম উদ্দিনের বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত টহলে থাকার কথা ছিল। সে অনুযায়ী রাত পৌনে ১টার দিকে তিনি অস্ত্রসহ সজ্জিত হয়ে রুম থেকে বের হন। এর কিছুক্ষণ পরে তিনি ক্যাম্পের ভেতররেই নিজের অস্ত্রে বুকের ডান পাশে গুলি চালিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবি সদস্য দ্রুত সেখানে গিয়ে সিপাহি নাসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতালে আসে ফুলবাড়ী থানা পুলিশ।
ঘটনার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মনজুরুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন