কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনি ক্যাম্পে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার গভীর রাতে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের তাকিমারায় অবস্থিত ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটে। আগুনে ক্যাম্পের চেয়ার-টেবিল ও প্যান্ডেল পুড়ে গেছে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ মোল্লা বলেন, ‘রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। আগুন দেওয়ার পর স্থানীয়রা টের পেয়ে তাড়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি।’
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন