কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ খাল থেকে মহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার ভাসমান মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়। নিহত মহাম্মদ আলী ওই এলাকার রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে সে জিকে খালে পড়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।
বুধবার খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। সকাল সাড়ে ৯টার দিকে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন