কুষ্টিয়ার ভেড়ামারায় চঞ্চল হোসেন (২৫) নামের এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাত ৯টার দিকে ভেড়ামারার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মারামারি ও গুলির এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (১১ মার্চ) কাচারিপাড়ায় মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে জীবন ও কাওসারের সঙ্গে তামিম ও লিখনের মারামারি হয়। এতে জীবন ও কাওসার আহত হয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। পরে ওই মারামারিকে কেন্দ্র করে রাত ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একদল যুবক এসে চঞ্চলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি চঞ্চলের মাথায় লাগে।
চঞ্চলের অবস্থা গুরুতর হওয়ায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। এ সময় চিকিৎসক জানান, চঞ্চলের মাথার বাম পাশের ওপরের অংশে গুরুতর আঘাত লেগে ফেটে গেছে। তবে কীসের আঘাতে এটি হয়েছে, তা স্পষ্ট নয়।
গুরুতর আহত চঞ্চলের সহযোগী মাসুম মোল্লা জানান, ‘রাত ৯টার দিকে ঘটনাস্থলে এসে দুর্বৃত্তরা প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ৫–৬ জন তিনটি মোটরসাইকেলে করে এসে ৫–৬ রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। পরে চঞ্চলকে গুলি করার পর এলোপাথারি মারধর করে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।’
ভেড়ামারা থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ আসেনি। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো যাবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন