কুষ্টিয়ার মিরপুরে স্টেশন মাস্টারের পদায়ন ও স্টেশন সংস্কারসহ ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কয়েক হাজার মানুষ এই কর্মসূচি পালন করছেন।
সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম এসে ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
এ বিষয়ে মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয় না। আমরা এই বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, তাই এই আন্দোলন।
দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন