ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষকের ঘর ভাঙচুর মামলায় বিএনপি নেতাসহ ৩০ জন আসামি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে হামলা চালিয়ে রেজাউল হক নামে এক কৃষকের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকের স্ত্রী শাহিদা আক্তার বাদী হয়ে মনিরুল হক মনির নামে এক বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেছেন।

রোববার (১৫ মার্চ) দুপুরে বাদীর আইনজীবী মহসিন কবির মুরাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা বাদীর বসতঘর ভাঙচুর করেছে। এ ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল কমলনগর আদালতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আরিফ হোসেন মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। খুব শিগগিরই ডিবিতে তদন্তের আদেশের কপি যাবে।

অভিযুক্ত মনির উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত অন্যরা হলেন মনিরের ছেলে হারুন চৌধুরী জুয়েল, আকরাম হোসেন, মেয়ে মুন্নি বেগম, স্ত্রী জেসমিন বেগম ও অজ্ঞাত ২৫ জন।

মামলা সূত্রে জানা যায়, বাদী শাহিদার স্বামী রেজাউলের ওয়ারিশসূত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি। তিন বছর আগে ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে তারা বসবাস করে আসছেন। বিএনপি নেতা মনির জোরপূর্বক তাদের জমি দখল করার পাঁয়তারা করে আসছেন। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে মনির তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে বুধবার (১১ মার্চ) ভোরে মনিরসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরটি সম্পূর্ণ ভেঙে ফেলে। একপর্যায়ে ভিটা কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ ঘটনায় প্রতিবাদ করলে বাদীসহ তার স্বামী ও পুত্রবধূকে মারধরের চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পুনরায় ঘর নির্মাণ করলে রেজাউল হকসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ঘর ভাঙচুরে তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাদীর ছেলে আজিজুল হক আজগর বলেন, আমরা খুবই অসহায় অবস্থায় দিন যাপন করছি। আমাদের থাকার মতো কোনো ঘর নেই। পুরো ঘর বিএনপি নেতা মনির মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি। মনিরদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। কিন্তু হঠাৎ করে তিনি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত লোকজন এনে ভোররাতে আমাদের ঘর ভাঙচুর করেন।

এ বিষয়ে বিএনপি নেতা মনিরুল হক মনির বলেন, জমিটি আমাদের। তারা জোরপূর্বকভাবে এখানে বসবাস করছে। নিজেদের ঘর নিজেরাই ভেঙে এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের অভিযোগ মিথ্যা।

কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হবে।